বাংলাদেশের ঐতিহ্যবাহী জমিদারি অঞ্চলখ্যাত মুক্তাগাছায় অটোম্যান সাম্রাজ্যের দেশ তুরস্কের বাসিন্দা আয়শা ওছোতকিন নামের এক মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে মুক্তাগাছা শহরের নন্দিবাড়ি অডিটোরিয়ামে এ বিয়ে হয়। বর মুক্তাগাছার লক্ষীখোলার বাসিন্দা মো. হুমায়ুন কবীর।
পরিবারে তিন ভাইয়ের মধ্যে সবার বড় হুমায়ুন। ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে লেখাপড়া করতে যান তিনি। ২০১৮ সালে সে দেশের আনাতোলিয়া শহরের লাইফ হাসপাতালে চাকরির সুবাদে প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষক আয়শা ওছোতকিনের সঙ্গে পরিচয় হয় হুমায়ুনের। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের।
গত ফেব্রুয়ারিতে তারা তুরস্কে বিয়ে করলেও এবার দেশে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
কনে আয়শা জানান, আমরা দুজন দুজনকে অনেক ভালবাসি। শুরুতে আমাদের পরিবার এই বিয়েতে রাজি না হলেও পরে মেনে নিয়েছেন।
বর হুমায়ুন বলেন, সংস্কৃতির পার্থক্য থাকলেও আয়শা বাংলাদেশের ব্যাপারে ভীষণ আগ্রহী। সে খুবই আন্তরিক। অল্পসময়ে সবার সঙ্গে মিশে গেছে। আমি তাকে নিয়ে সুখে থাকতে চাই।