পশ্চিমের দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও একাধিক দেশ আফগানিস্তানের প্রায় ১০ বিলিয়ন ডলার রিজার্ভ আটকে রেখেছে। সেখান থেকে জাতিসংঘের দুটি সংস্থার জন্য ২৮ কোটি মার্কিন ডলার স্থানান্তরে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতারা। বিশ্ব ব্যাংক পরিচালিত আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ওই অর্থ জাতিসংঘের ডব্লিউএফপি ও ইউনিসেফে স্থানান্তরিত হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর অর্থসহায়তা বন্ধ হওয়ায় চরম সংকটে পড়েছে আফগানিস্তান। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)জানিয়েছে যে অর্ধেকের বেশি আফগান তীব্র ক্ষুধার হুমকিতে রয়েছে। সেখানে ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। তীব্র খরার পাশাপাশি তালেবান ক্ষমতায় আসার পর পশ্চিমা দেশগুলোর অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্তে পরিস্থিতি আরও মারাত্মক হয়েছে।
জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে আফগানিস্তানে আনুমানিক ২৩ মিলিয়ন মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।