ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম পাটোয়ারী আবু ও মো. ইব্রাহীমের বাড়িতে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এ সময় সময় হামলা ও গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন বোগদাদিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ওসমান।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করিম উল্যাহর প্রতিদ্বন্ধী হওয়ায় তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। করিম উল্যাহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সাইফুল ইসলাম পাটোয়ারী আবু জানান, শুক্রবার রাত ৭টার দিকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করিম উল্যাহ বিকমের নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী তার মধ্য ছনুয়া গ্রামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা জানালা ভাংচুর করে গুলিবর্ষণ করে। এসময় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে। অন্যথায় পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
অপর প্রার্থী ইব্রাহীমের পূর্ব সিলোনীয়া গ্রামের বাড়িতেও সন্ত্রাসীরা হামলা চালায়। ইব্রাহীম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী করিম উল্যাহ বলেন, ইব্রাহীম বিভিন্ন রকম উস্কানিমূলক ও বিভ্রান্তিকর প্রচার করায় স্থানীয় লোকজন তার বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
ইন্সপেক্টর মোহাম্মদ ওসমান বলেন, ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম পাটোয়ারী আবু ও মো. ইব্রাহীমের বাড়িতে বর্তমান চেয়ারম্যান প্রার্থীর লোকজন হামলা, ভাংচুর করছে খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি। ইতিমধ্যে ড্রাইভারসহ একটি সিএনজি আটক করেছি। যাচাই বাছাই চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ছনুয়া ইউনিয়নে প্রার্থীর বাড়িতে হামলা হওয়ার খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে রয়েছে।