লেবাননের একটি ফিলিস্তিনি ক্যাম্পে বড় বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে হামাসের অস্ত্রের ডিপোতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুর্জ আল-শেমালি ক্যাম্পে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের একটি অস্ত্রের ডিপো থেকে বিস্ফোরণটি ঘটে। একজন বিচারক নিরাপত্তা বাহিনীকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাস রোগীদের জন্য অক্সিজেন এবং গ্যাস সিলিন্ডার ধারণকারী গুদামে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটেছে। এখানে ডিটারজেন্ট এবং জীবাণুনাশকও ছিল।
হামাস এবং ফাতাহ মুভমেন্টসহ বেশ কয়েকটি সশস্ত্র ফিলিস্তিনি দল লেবাননের প্রায় এক ডজন ফিলিস্তিনি শিবিরের উপর কার্যকর নিয়ন্ত্রণ রাখে। এখানে লেবানিজ কাস্টমস কর্তৃপক্ষও ঢোকে না।