যুদ্ধ এড়ানোর নতুন উপায়ের কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়ান আক্রমণের হুমকি নিয়ে দিন পার করছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলে ডনবাস প্রদেশের রুশ পন্থীদের সঙ্গে অনেকদিন ধরেই সংঘর্ষ চলছে ইউক্রেনিয়ান বাহিনীর। আবার ওই পূর্ব সীমান্তেই এক লাখ সেনা ইতিমধ্যে জড়ো করেছে রাশিয়া। এ অবস্থায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে নতুন সম্ভাবনার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি জানিয়েছেন, ডনবাস এবং ক্রিমিয়া নিয়ে গণভোট করার সম্ভাবনা বাতিল করা হচ্ছে না। তবে কীভাবে এই ভোট হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমর্থন জোগাতে ঝাঁপিয়ে পড়েছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর মস্কো সমর্থিত বিদ্রোহী বাহিনী পূর্ব ইউক্রেনের অঞ্চলও দখল করে নেয়। এরপরই কিয়েভ এবং মস্কোর মধ্যে সম্পর্ক ভেঙে যায়।