‘মা হওয়ার কারণে নয়, সবসময়ই বেছে বেছে কাজ করেছি। আমি কিন্তু শুরু থেকেই মানসম্মত কাজ ছাড়া করি না। বলছি না যে, মানসম্মত কাজ হচ্ছে না। তবে আমার কাছেও তো সেই কাজগুলো আসতে হবে। তেমন কাজ পেলে, সময় কম দিতে হলে এবং পারিশ্রমিক ভালো পেলে কাজ করছি এবং করব।’
অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া।
এক সময় অভিনয়, মডেলিং ও উপস্থাপনায় নিয়মিত থাকা এই তারকা নিজের ব্যস্ততা নিয়ে আরো বলেন, ‘বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছি। এছাড়া পড়াশোনা ও ব্যবসাতেও সময় দিতে হচ্ছে।’
এদিকে সম্প্রতি আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডে বাংলাদেশি হিসেবে বেস্ট ইন্টারন্যাশনাল মডেলের পুরস্কার অর্জন করেছেন পিয়া।
এ নিয়ে পিয়া বলেন, ‘যেকোনো স্বীকৃতিই ভালোলাগার, অনুপ্রেরণা। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি সেহেতু তারা এই পুরস্কারের জন্য আমাকে যোগ্য মনে করেছেন। কৃতজ্ঞতা এই পুরস্কার সংশ্লিষ্ট সবার প্রতি।’ অন্যদিকে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। করোনা পরবর্তী সময়ে হলে নতুন সিনেমা ফিরলে দর্শক ফেরাতে পারেনি বেশিরভাগ ছবি।
চলচ্চিত্রের সংকট প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমাদের হল সংখ্যা বাড়াতে হবে। সেই জন্য ভালো গল্প এবং ভালো নির্মাণের বিকল্প নেই। কারণ একজন একটি হল নির্মাণ করে যদি সেখান থেকে লাভবান না হন তাহলে কেন হল নির্মাণ করবেন! প্রযোজকরাই বা কেন লগ্নি করবেন!’
ইদানিং বেশিরভাগ নির্মাতা গল্পনির্ভর কাজের দিকে মনোযোগী হচ্ছেন। এই চর্চাকে অনেকেই চলচ্চিত্রের ধারাবদলের পাশাপাশি দর্শক চাহিদার মতো বিষয়গুলোকে সামনে আনছেন।
পিয়া বিষয়টির সঙ্গে সহমত পোষণ করে বলেন, ‘ওটিটির কারণে দর্শকরা গল্পনির্ভর কাজগুলো বেশি দেখছেন। আমাদের নির্মাতারা যদি সে ধরনের কাজ দর্শকদের না দেখাতে পারেন তাহলে তারা বাইরের প্লাটফর্মগুলোর দিকে ঝুঁকে পড়বে।’ তবে এরইমধ্যে দেশেও ওটিটি মাধ্যমটির যাত্রা শুরুর সঙ্গে চলচ্চিত্র মুক্তির চর্চা দেখা যাচ্ছে। মাধ্যমটি চলচ্চিত্র সংকট কতটা দূর করতে পারবে বা কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারবে এ নিয়েও অনেকে আশার কথা শোনাচ্ছেন। তবে পিয়া মনে করেন, আরো কিছুদিন গেলে ওটিটির ভালো-মন্দ সকলের সামনে আসবে। এছাড়া ভালো গল্প-চরিত্র পেলে তিনিও মাধ্যমটিতে কাজ করবেন বলে জানান।
ইত্তেফাক/বিএএফ