নতুন যুগেও জিততে পারলো না বার্সেলোনা

চেনা বার্সেলোনাকে পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য জাভি হার্নান্দেজকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কাতালুনিয়ানরা। এরই মধ্যে তার অধীনে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে ক্লাবটি। তবে এখনই তার সফলতা নিয়ে কিছু বলা যাবে না। কারণ, এই বার্সাকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আরও অনেক সময় লাগবে যে তা নিশ্চিতভাবেই বলা যায়। তবু, আপাতত এটা বলা যায় যে, সঠিক পথেই আছে বার্সা।

কয়েকদিন আগেই বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। এর পরই কোচ জাভি বলেছেন, এখন থেকে বার্সার নতুন যুগ শুরু হবে। সেই যুগের প্রথম ম্যাচ ছিল রবিবার (১২ ডিসেম্বর)। লা লিগায় ওসাসুনার বিপক্ষে এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বার্সা। গোল করেছেন একাডেমির দুই তরুণ নিকো ও এজ আবদের।

নতুন যুগের শুরুটা ভালো হলো না বার্সেলোনার

জিততে না পারলেও তারুণ্য নির্ভর দলটিকে বেশ গুছিয়ে আনার চেষ্টা করছেন জাভি। অবশ্য, ফল আরও ভালো হতে পারতো যদি পেদ্রি, আনসু ফাতি ও মেম্ফিস ডিপাই দলে থাকতো। কিন্তু তিন জনই চোটের কারণে খেলতে পারেননি। ফলে লুক ডি ইয়ং,উসমান দেম্বেলে, এজ আবদের, নিকো, গাভি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, সের্হিও বুসকেতস, স্যামুয়েল উমতিতি, জেরার্দ পিকে ও রোনাল্ড আরাউহোই এখন জাভির ভরসা। তাদেরকে নিয়েই আক্রমণ সাজিয়েছেন তিনি।