থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ র ২৬০টি বইয়ের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় বরং এর লেখকস্বত্ব শেখ আবদুল হাকিমের বলে রায় দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে মাসুদ রানা সিরিজের ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব পেলেন প্রয়াত লেখক শেখ আবদুল হাকিম।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ। কপিরাইট অফিসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও ইফতাবুল কামাল অয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।
এর আগে, গত ৯ ডিসেম্বর সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় মাসুদ রানা সিরিজের ২৬০টি বই এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা নিয়ে শেখ আবদুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয়।