সেনাপ্রধানের সঙ্গে মেক্সিকো সেনা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ইউফেমিও আলবার্তো ইবারা ফ্লোরস। সোমবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন তিনি। 

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সব পিএসও এর উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান তার স্বাগত বক্তব্য রাখেন, অতঃপর মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারকে ব্রিফিং প্রদান করা হয়। এরপর মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার তার বক্তব্য পেশ করেন। 

সভায় দু’দেশের মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সমূহ চিহ্নিত করা হয়। এই সাক্ষাতের মধ্যে দিয়ে মেক্সিকো এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো।

এর আগে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎ বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।ছবি: আইএসপিআর

এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

উল্লেখ্য, জেনারেল ইউফেমিও আলবার্তো এর নেতৃত্বে ৫ সদস্যের মেক্সিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ ডিসেম্বর ঢাকায় আগমন করেন। 

প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন। 

এছাড়া বাংলাদেশে সফররত প্রতিনিধি দলটি মহান বিজয় দিবস প্যারেড ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ১৮ ডিসেম্বর মেক্সিকোতে প্রত্যাবর্তন করবেন।