পীরগঞ্জে ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে এক ব্যাটারী চালিত ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র। 

নিহত ভ্যান চালক একই উপজেলার রামনাথপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত. খিজির উদ্দিনের ছেলে মোকছেদ আলী (৪৭)। 

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি সরেস চন্দ্র জানান, গত সোমবার সন্ধ্যায় ছেলে ইসাহাকের কাছ থেকে কিছুক্ষণের জন্য ভ্যানটি ভাড়ার উদ্দেশ্যে চেয়ে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি।  মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার সময় তারা খবর পায় কৈগাড়ী গ্রামের পুকুর পাড়ে ১টি গলাকাটা লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তারা মোকছেদ আলীর লাশ সনাক্ত করে। 

এ খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র, রংপুরের সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান, পিবিআই ও সিআইডি কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন 

ওসি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপরতা চলছে। এ ঘটনায় নিহত ভ্যানচালকের বড় ছেলে খোরশেদ মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেছে। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।