টাঙ্গাইলের মির্জাপুরে ৬ নং আনাইতারা ইউনিয়নে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ছাত্রদলের সাবেক নেতা মীর শরীফ হোসেনকে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ হয়। আনাইতারা ইউনিয়নবাসি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গত কয়েক দিন ধরে ঐ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বাবু সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজিজুর রহমান স্বপন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গল্লী জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. আমিনুর রহমান প্রমুখ।
৬ নং আনাইতারা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে গত ৪ ডিসেম্বর ৬ নং আনাইতারা ইউনিয়নে নৌকার প্রতীক দিয়ে মনোনয়ন তালিকা প্রকাশ করেন। কিন্তু স্থানীয়দের দাবি, দুই দিনের ব্যবধানে একটি চক্র অদৃশ্য শক্তির বলে সেই মনোনয়নপত্র পরিবর্তন করে ছাত্রদলের সাবেক নেতা ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মীর শরীফ হোসেনকে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছেন। তার নৌকার দলীয় মনোনয়ন বাতিল করে প্রধানমন্ত্রীর দেওয়া প্রার্থী জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান প্রার্থী বহাল রাখার অনুরোধ জানান।
১৯৯৮ সালে মির্জাপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল থেকে রেজাউল-জাকির-শরীফ পরিষদের এজিএস পদে মীর শরীফ হোসেন নির্বাচন করেছিলেন। তার বড় ভাই মীর সাজ্জাত হোসেন সাজু এখনও থানা বিএনপির সম্মানিত সদস্য এবং অপর ভাই মীর তারা জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় পার্টি নেতা।