৯৯৯ নম্বরে ফোন পেয়ে মোটরসাইকেল উদ্ধার 

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে নরসিংদীতে চুরি যাওয়া একটি মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে মোটরসাইকেলটি চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে তা উদ্ধার করে।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, গতকাল সকালে নরসিংদী সদরের সেলিমগঞ্জ থেকে রণজিত্ চন্দ্র নামে এক জন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার হোন্ডা এক্স ব্লেইড ব্র্যান্ডের মোটরসাইকেলটি ভোরে কোনো এক সময় চুরি হয়। মোটরসাইকেলটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত আছে, যার মাধ্যমে রণজিৎ দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায় আছে।

আনোয়ার বলেন, ৯৯৯ এর কলটেলার কনস্টেবল আকাশ নাথ কলটি রিসিভ করেছিলেন। তিনি তাত্ক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং নবীনগর থানায় বিষয়টি জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এস আই মিরাজ উদ্দীন ভুক্তভোগী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশের তত্পরতার অগ্রগতী পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার রবিন ও সেলিমের বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়| চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান আনোয়ার সাত্তার।