জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেলো ভূমি মন্ত্রণালয় 

ইত্তেফাক রিপোর্ট জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেলো ভূমি মন্ত্রণালয়। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মদিনাত জুমেইরাহ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্হিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, এই অ্যাওয়ার্ড বাংলাদেশের সমগ্র ভূমি ব্যবস্হাপনাকে অটোমেটশন করার উদ্যোগকে আরো সুন্দরভাবে সম্পন্ন করতে উত্সাহিত করবে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘আগামীর জনসেবা উদ্ভাবন : টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নব যুগের জন্য নতুন সরকারি মডেল’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস ফোরাম’-এর একটি অংশ। ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে ভূমি মন্ত্রণালয়কে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাওয়ি, রাষ্ট্রীয় উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিমন্ত্রী ওহুদ আল রুমি, জাতিসংঘের ম্যানেজমেন্ট, পলিসি, স্ট্র্যাটেজি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।