গাইবান্ধা জেনারেল হাসপাতালের আলমারির ফাইলপত্র চুরি হয়েছে। হাসপাতালের প্রশাসনিক, হিসাব সহকারী ও অফিস কক্ষের জানালার গ্রিল কেটে এবং তালা ভেঙে সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে এ চুরি সংঘটিত হয়।
অফিস সহায়ক আবদুল হান্নান সকালে অফিস খুলতে গিয়ে তালা ভাঙাসহ কক্ষের ফাইলপত্র তছনছ দেখতে পান। তিনি তাত্ক্ষণিক ঘটনাটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রধান সহকারীকে অবগত করেন। এ ব্যাপারে সার্জারি বিশেষজ্ঞ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব জানান, ইতিমধ্যে পুলিশ ও সিআইডি হাসপাতাল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করে দেখেছে।
এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, খবর পেয়ে থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্হল পরিদর্শন করেছে।