ভাঙ্গার হামেরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত সাবেক মেম্বার বাবর আলী ও জয়ী আলম মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে মুনসুরাবাদ গ্রামের দুই মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী একে অন্যের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়িসহ আটটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানাপুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিকাশ চন্দ্র মণ্ডল জানান, বর্তমানে পরিস্হিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পরাজিত সাবেক মেম্বার বাবর আলী জানায়, সকালে কিছু বুঝে ওঠার আগেই বর্তমান মেম্বার আলম মোল্লা তার সমর্থিত শতাধিক লোক নিয়ে আমার সমর্থিত মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়িতে হামলা চালায়। এক পর্যায় গ্রামের মধ্যে তিনটি স্পটে সংঘর্ষ বেধে যায়। বর্তমান মেম্বার আলম মোল্লা আহত হয়ে ভাঙ্গা হাসপাতালে ভর্তি থাকায় তার স্ত্রী জানান, ভোরে কে বা কারা সংঘর্ষ বাধিয়েছে জানি না। গ্রামবাসী আমার ঘর ভাঙচুর করতে আসলে বর্তমান চেয়ারম্যান তা রক্ষা করে।