ভোলায় ১৬ বছরেও শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মাণকাজ শেষ হয়নি। জান যায়, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০৪-০৫ অর্থবছরে ভোলা কালেক্টরেট ভবন কম্পাউন্ডে ভোলা গণপূর্ত বিভাগ শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মাণকাজ শুরু করে। তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল মান্নান ২০০৫ সালের ৯ জুন মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মূল অবকাঠামো নির্মাণের পর শহিদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্থাপনের সময় বিপত্তি বাধে। ঐ নামের তালিকা সঠিক না বলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ আপত্তি করলে কাজ বন্ধ হয়ে যায়। গত ১৬ বছরেও এর নির্মাণকাজ শেষ হয়নি। ভোলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকা সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ জানান, ভোলার শহিদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এখনো গেজেট হিসেবে প্রকাশ হয়নি। ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ জানান, ভোলার শহিদ মুক্তিযোদ্ধাদের গেজেট তালিকা পেলেই স্মৃতিফলক নির্মাণকাজ শেষ হবে।
এছাড়া ভোলায় মুক্তিযোদ্ধাদের নামে কোনো ভাস্কর্য বা কোনো সড়কেরও অফিশিয়ালি নামকরণ করা হয়নি। তিনি আরো জানান, ভাতাপ্রাপ্ত ১ হাজার ৫৩২ মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে জীবিত রয়েছেন ৭৮৭ জন।