গ্রামবাংলার ঐতিহ্য ‘ঘোড়দৌড়’ খেলা। প্রাচীন খেলাধুলার মধ্যে অন্যতম পুরোনো এই খেলাটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। মহান বিজয়ের মাস ডিসেম্বরে সেই হারিয়ে যাওয়া ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখার উদ্যোগী হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার এক দল যুবক। তাদের আয়োজনে হয়ে গেল তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া কুড়াতলা মাঠে অনুষ্ঠিত সমাপনী দিনে খেলাটির চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলে। এর আগে শনিবার ১১ ডিসেম্বর ঐ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জিহাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। আয়োজক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জিহাদ জানান, গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যসমৃদ্ধ অনেক খেলাধুলাই ইতিমধ্যে হারিয়ে গেছে। প্রাচীন খেলার অন্যতম ঘোড়দৌড় খেলাটিও প্রায় বিলুপ্তির পথে। তাই সাতাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে এই ঘোড়দৌড় খেলার আয়োজন করা হয়েছে। এবারের মতো সবার সহযোগিতা অব্যাহত থাকলে প্রতি বছরের এই সময় খেলাটি আয়োজন করা হবে।
মোজদার হোসেন, সোলায়মান আলীসহ বেশ কয়েক জন প্রবীণ ব্যক্তি এ সম্পর্কে জানান, দেশের যুবসমাজ আধুনিকতার ছোঁয়ায় আজ তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি ভুলে যেতে বসেছে। আমাদের সংস্কৃতি তাদের সামনে তুলে ধরতেই যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিকে তিন দিনব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অর্ধশতাধিক ঘোড়া অংশ নেয়। প্রতিদিন খেলা দেখতে স্হানীয় শতাধিক গ্রামের ২৫ থেকে ৩০ হাজার নারী-পুরুষ সমবেত হন। এ উপলক্ষ্যে সাতাড়া কুড়াতলা মাঠে বসে গ্রামীণ মেলা। শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষের জন্য নাগরদোলা থেকে শুরু করে গ্রামীণ ঐতিহ্যপূর্ণ রকমারি খাবার পাওয়া যায় মেলায়। আয়োজন কমিটির পক্ষ থেকে সমাপনী দিনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জয়ীদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়।