তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। প্রাথমিকভাবে ১ লাখ শ্রমিককে দিয়ে এই বিমা কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব শ্রমিককে এই সুবিধার আওতায় আনা হবে।
পোশাক শ্রমিকদের জন্য মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা (এমএইচএম) বিষয়ক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম।
সোমবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান ওশানের অঙ্গপ্রতিষ্ঠান ওশান ফাউন্ডেশন, নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি ও স্হানীয় উন্নয়ন সংস্হা ফুলকি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কীভাবে সব শ্রমিকের জন্য স্বাস্হ্যবিমা নিশ্চিত করা হবে—এ বিষয়ে শহিদুল্লাহ আজিম বলেন, মাসে মাত্র ১৩ টাকা কিস্তির মাধ্যমে সারা বছরের চিকিত্সা পাবেন শ্রমিকরা। এর মধ্যে অর্ধেক অর্থাৎ সাড়ে ছয় টাকা কারখানা কর্তৃপক্ষ এবং বাকি সাড়ে ছয় টাকা দেবেন শ্রমিকরা। খুব শিগ্গিরই পরীক্ষামূলক এই বিমা কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশে ওশানের কমপ্লায়েন্স ম্যানেজার সাইফুল আলম মল্লিক বলেন, বাংলাদেশ থেকে পোশাক নেওয়ার ক্ষেত্রে মুনাফাই ক্রেতাদের প্রধান লক্ষ্য নয়। বরং এই প্রক্রিয়া টেকসই করাই প্রধান লক্ষ্য। শ্রমিকদের স্থায়ী কল্যাণের জন্য ব্র্যান্ড, ক্রেতা, মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে একটি ফোরাম গঠনের প্রস্তাব করেন তিনি। অনুষ্ঠানে এসএনভির টিম লিডার ফারাহদিবা রাহাত খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে শ্রমিকরা প্রায়ই অসুস্থ হচ্ছেন।
এতে কারখানায় অনুপস্থিতি বেড়ে উত্পাদনশীলতা কমে। ফুলকির নির্বাহী পরিচালক সুরাইয়া হক জানান, গবেষণায় তারা দেখেছেন, শ্রমিকদের স্বাস্থ্যবিধির পেছনে মাত্র এক টাকা বিনিয়োগে ১৩ টাকা বেশি মুনাফা করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমসচিব এহছানে এলাহী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর নুরুন নাহার বেগম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ।