প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা আজ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা আজ বুধবার (১৫ ডিসেম্বর)। তিনি অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ। আর অবকাশে বসবেন না আপিল বিভাগ। এছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই আজ আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আওয়ামীপন্থী অংশের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

২০১৮ সালে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন।

বিএসসি ডিগ্রি পাওয়ার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলএলবি সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন চারজন।