প্রতিপক্ষ যেই হোক, জয়ী দলের তালিকায় বার্সেলোনার নাম কোনোভাবেই ওঠানো যাচ্ছে না। টানা চতুর্থ ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে কাতালুনিয়ানরা। গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে আর্জেন্টাইন ফুটবল কিংবদ্বন্তী ডিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানানোর উপলক্ষে এক প্রীতি ম্যাচে বোকা জুনিয়র্সের মুখোমুখি হয় বার্সেলোনা। এতে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে গেছে তারা।
এর আগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি জাভির শীষ্যরা। প্রথমে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে পড়াজয়, এরপর চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় এবং সবশেষে লা লিগায় ওসাসুনার সঙ্গে ড্র। এবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বোকা জুনিয়র্সের বিপক্ষে পরাজয়।
ম্যারাডোনা তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছিলেন নাপোলি, বোকা জুনিয়র্স ও বার্সেলোনায় খেলে। তাই সৌদি আরবের উদ্যোগে এই প্রীতি ম্যাচটি আয়োজিত হয়েছে। রিয়াদের এমরাসুল পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রায় ২৫ হাজার দর্শক উপস্থিত ছিল।
অবশ্য এদিন, প্রায় দ্বিতীয় সারির দল নামিয়েছে বার্সা। বিশ্রাম দেওয়া হয় টের স্টেগেন, জেরার্ড পিকে, জর্দি আলবা, রোনালদ আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, উসমান দেম্বেলে, সের্হিও বুসকেতস ও মেম্ফিস ডিপাইকে। চোটের কারণে আগে থেকেই নেই পেদ্রি ও আনসু ফাতি। ফলে মূল একাদশে সুযোগ পান ফিলিপ কুতিনিও, নেতো, রিকি পুচ, ফেরান ব্লাঙ্ক, আলভারো সানজ ও অ্যালেক্স বালদে। এদিন আরও একটি বড় খবর ছিল। দ্বিতীয়বারের মতো বার্সার জার্সিতে অভিষেক হয়েছে দানি আলভেজের।