আগামী বছরে অনুষ্ঠেয় দেশটির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে৷ ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট থাকার তার মেয়াদ শেষ হয়ে যাবে৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ডয়েচভেলে।
ফিলিপাইন্সের ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ মে মাসের নির্বাচনে সিনেট পদে লড়বেন না৷ যদিও তিনি একমাস আগে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন৷ দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র নিশ্চিত করেছেন এই তথ্য৷
ফিলিপাইন্সের সংবিধান অনুযায়ী, দুতার্তের পক্ষে আরও এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়৷ তার ছয় বছরের মেয়াদকাল আগামী জুনে শেষ হবে৷
কমিশনের মুখপাত্র জেমস হিমেনেজ টুইটারে লিখেছেন, ‘‘সিনেট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন প্রেসিডেন্ট৷''
নিজের দেশে ‘‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ'' ঘোষণা করে বিপুল বিতর্কের জন্ম দেন দুতার্তে৷ সেসময় নিরাপত্তা বাহিনীর হাতে অনেকে প্রাণ হারান৷ বিষয়টি নিয়ে দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে তদন্ত হচ্ছে৷ অনেকে মনে করেছিলেন এই তদন্ত চলাকালে সিনেট পদে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে থাকবেন তিনি৷
অবশ্য, দুতার্তে কেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন সে বিষয়ে তিনি নিজে, তার কার্যালয় থেকে কিংবা তার দলের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি৷ এর আগে শুরুতে তিনি ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন৷