হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন শুধু এক ম্যাচের জন্য। পারিবারিক কারণে আগামী নিউজিল্যান্ড সিরিজে ছুটি নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একটি ফিফটি (৬৩ রান) ও ৩৩ রান করেছিলেন সাকিব আল হাসান। তাতেই টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন তিনি।
বর্তমানে আছেন ৩৫ নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক দুই পিছিয়ে ২১ নম্বরে ও অধিনায়ক মুমিনুল হক ৯ ধাপ পিছিয়ে আছেন ৪৪ নম্বরে।
বল হাতে কোনো উইকেট না পেলেও অলরাউন্ড র্যাংকিংয়ে ঠিকই উন্নতি হয়েছে সাকিবের। এক ধাপ এগিয়ে চারে আছেন তিনি। দুই ধাপ পিছিয়ে পাঁচে আছেন ইংলিশ অলরাউন্ডার। ব্যাটিং (জো রুট), বোলিং (প্যাট কামিন্স) ও অলরাউন্ডার (জেসন হোল্ডার) তিন বিভাগেই শীর্ষস্হানে কোনো পরিবর্তন হয়নি। তবে টি-২০ ব্যাটিং র্যাংকিংয়ে বাবর আজমকে পেছনে ফেলে চূড়ায় উঠেছেন ইংল্যান্ডের দাভিদ মালান।