ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রাম থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে| মঙ্গলবার বিকালে ঐ গ্রামের একটি আমবাগানে সাপটি দেখতে পান স্থানীয়রা| পরে কয়েক জন যুবক সাপটি বস্তাবন্দি করে রাখে|
ভবনগর গ্রামের প্রকৃতিপ্রেমিক সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জানান, তিনি খবর পান ভবনগর গ্রামের কয়েক জন যুবক এক বিষধর সাপ বস্তাবন্দি করে রেখেছে| খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান| এ সময় তিনি এটি রাসেল ভাইপার বলে শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে খবর দেন| পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়|
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অফিস যশোর বেনাপোল ক্রাইম কন্ট্রোল ইউনিটের জুনিয়ার ওয়াইল্ডলাফ স্কাউট জাহাঙ্গীর আলম বলেন, সাপটি আসল রাসেল ভাইপার বলে আমরা শনাক্ত করতে পেরেছি| সাপটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে যাচ্ছি| ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সুবিধাজনক স্থানে সাপটি অবমুক্ত করা হবে বলেও জানান তিনি|