নিয়মিত পরিশ্রম করার উপকারিতা

 

ডা. তানজিয়া নাহার তিনা

 

কর্মব্যস্ত জীবনে সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম করা প্রয়োজন। আপনার বয়স যাই হোক না কেন, সুস্থ এবং কর্মদীপ্ত থাকতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। আজকাল সময় কিংবা সুযোগের অভাবে ব্যায়াম করা হয় না অনেকেরই। এতে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানান অসুখ-বিসুখে। যেমন- হার্টের অসুখ, টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল কিংবা স্ট্রোক। অনিয়মিত জীবন, উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ এবং সেইসঙ্গে সঠিক ব্যায়াম কিংবা শরীরচর্চার অভাবেই এসব রোগ বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম অত্যন্ত জরুরি। কোন ধরনের শরীরচর্চা কোন বয়সের জন্য উত্তম তা বয়স ও স্বাস্থ্যগত গঠনের ওপর নির্ভর করে। তাই ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।

ব্যায়াম কিংবা হাঁটাহাঁটির পাশাপাশি যেকোনো খেলাধুলায় অংশগ্রহণ করা যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই শরীরচর্চার সুফলগুলো পাওয়া সম্ভব। যেমন: ভালোভাবে ঘুম, মজবুত হাড় ও শক্তিশালী পেশী গড়ে উঠবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত হবে ইত্যাদি। তাই নিয়মিত শারীরিক পরিশ্রম সকল বয়সী মানুষের জন্য খুবই প্রয়োজনীয়।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ