ওবায়দুল কাদের ভালো আছেন, চাইলেই বাসায় ফিরতে পারবেন

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন, তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। উনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষা জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা ওনাকে এখানে রেখেছি। আমরা চাই উনি একটু বিশ্রাম নিন।

এর আগে, গেল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন সেতুমন্ত্রী। এরপরই তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ। উল্লেখ্য, আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন।