মির্জাপুরের সেই কারখানার আগুন নিয়ে যা বললো ফায়ার সার্ভিস

টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্রুপের গ্লাসওয়ার এন্ড টিউব কারখানায় ভয়াবহ আগুন ২৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কারখানার ভেতরে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কারখানায় অবস্থান করছে। আগুনে পুড়ে কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। 

শুক্রবার দুপুরে নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব কারখানা সরেজমিন ঘুরে দেখা গেছে, ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া এখনও কয়েকটি ইউনিটের ভেতরে ও বাহিরে আগুনের ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া মালামাল কারখানার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 

কয়েকজন শ্রমিক জানান, গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে কারখানার একটি ইউনিটের কেমিক্যালের গোডাউন থেকে সম্ভবত আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পড়ে। 

কেমিক্যালের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট না কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। কারখানার ভেতরে নানা অসংগতি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিশাল কারখানা তৈরি করা হলেও শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, পানি ব্যবস্থা এবং যাতায়াতের জন্য ভালো মানের কোন সিঁড়ি নেই। এছাড়া কারখানায় নেই ফায়ার সার্ভিসের কোন অনুমোদন। যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিলো রাত হওয়ায় কারখানার ভেতরে তেমন শ্রমিক ছিল না। ফলে কোন প্রাণহানির মত ঘটনা ঘটেনি। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট শ্রমিকদের সহায়তায় ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

এ ব্যাপারে কারখানার এজিএম (অপারেশন) মো. জয়নাল আবেদীন বলেন, কারখানায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এর সঠিক কারণ জানা যায়নি। 

ভয়াবহ আগুনে কারখানার বেশ কয়েকটি ইউনিট এবং মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

অপর দিকে কীভাবে কারখানায় আগুন লেগেছিল এর সঠিক কারণ জানতে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজ শুক্রবার পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। 

বেলা এগারটার দিকে নাসির গ্রুপের গ্লাসওয়ার এন্ড টিউব ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, দমকল বাহিনীর ১৩টি ইউনিট ২৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত দমকল বাহিনীর একটি ইউনিট কারখানায় অবস্থান করছে। বিশাল কারখানায় আগুন নিভানোর জন্য পানির যেমন পর্যাপ্ত ব্যবস্থা নেই, তেমনি ফায়ার সার্ভিসের কোন অনুমোদনও নেই। 

এই কারখানায় ব্যাপক অনিয়ম রয়েছে। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে বলে তিনি জানিয়েছেন।