সবজিতে অস্বস্তি

শীত মৌসুমের দাম কমার কথা থাকলেও রাজধানীর খুচরা বাজারে আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। তবে তেল, আটা, মুরগি, পেয়াজ, মাছ ও ডিমের দামও অপরিবর্তিত রয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

পলাশী বাজারের সবজি বিক্রেতা সামসুল আলম জানান, শীতকালে সবজির দাম কম থাকে। কিন্তু ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপে সারাদেশে টানা তিন বৃষ্টিপাত হয়েছে। এতে সবজিসহ সব ধরণের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজির দাম কমার কথা থাকলেও উল্টো সব সবজিতে কেজিতে ৫-১০ টাকা বেড়েছে।  

পেয়াজ

বাজারে করলা ৫০ টাকা, সিম ৮০ টাকা, মরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ১৫ টাকা, কচুর ছড়া ৩০ টাকা, গাজর ১০০ টাকা ঢেঁড়স ৬০ টাকা, মুলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি। দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।

বাজারে দুই কেজি প্যাকেট আটা টাকা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সাদা আটা ২ টাকা বেড়ে ৩৫ টাকা ও লাল আটা ৩৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে এই দামের আটা বিক্রি হচ্ছে।

৫ লিটারের বোতলজাত সয়াবিন ৭৩০ থেকে ৭৫০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগে ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ৭১০ থেকে ৭২০ টাকা। এ বিষয়ে কাওরান বাজারের মিলু স্টোরের স্বত্বাধিকারী বিপ্লব কুমার পাল জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তেলের দাম একটু বেড়েছে।

একটি সবজির দোকান

সপ্তাহের শেষে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১১০ টাকা করে বিক্রি হয়েছে। অন্যদিকে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মধ্যমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে। নিউ মার্কেটের ব্যবসায়ী ফরিদুর রহমান জানান, বাজারে আগের দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে।