অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহাগ নিলয়ের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে ব্যবসায়ী তবিবর রহমান তবির দোকানে গিয়ে তাকে অস্ত্র হাতে ভয় দেখান শাহরিয়ার সোহাগ নিলয়। দোকানের সামনে সিসিটিভি ক্যামেরায় ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য ধরা পড়ে।

অস্ত্র হাতে ছাত্রলীগ নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী অভিকে মেরেছিল। তারপর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিলয় তার অনুসারীদের নিয়ে অস্ত্র হাতে এসে তবিকে ভয়ভীতি দেখান।

এ বিষয়ে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে দোকানদারকে ভয় দেখাচ্ছেন। এজন্য বৃহস্পতিবার রাতে তাকে ছাত্রলীগ থেকে বরখাস্ত করা হয়েছে।