জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, আপনারা যদি কুরআন ও সুন্নাহ সত্যিকারভাবে মানেন, পাকিস্তানের যদি কল্যাণ চান, শান্তি চান, উপমহাদেশের শান্তি চান তাহলে আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালের বাংলাদেশের কাছে ক্ষমা চান। হয়তো ভবিষ্যতে কল্যাণকর হবে আপনাদের জন্য।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে যশোরের উপশহর ঈদগা মাঠে খুলনা বিভাগীয় জাকেরপাটির ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কিভাবে পঙ্গু করা যায়। বাংলাদেশকে কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায় - তার ষড়যন্ত্র চলছে।
আমীর ফয়সল বলেন, দেশের বিরুদ্ধে আর চক্রান্ত করবেন না। অতীতে আপনারা দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে দুনিয়ার সামনে কলঙ্কিত করতে চেয়েছিলেন। জাকের পার্টি তা প্রতিহত করেছে। আপনারা আর অস্তিত্বের সঙ্কট তৈরি করবেন না।