বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে মো. ফিরোজ ঢালী (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কাষ্টবাড়িয়া বায়তুস-শরফ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

বিকালে ফিরোজ ঢালী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তার বাড়ি কাষ্টবাড়িয়ায়। 

আহতরা হলেন-আওরঙ্গজেব (৪২), হানিফ (৩৮) ও আকরাম ঢালী (৪৭)। 

আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিল হাসান জামু বলেন, ‘শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে আমাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে ফিরোজ ঢালী আরও ৩ জনকে সঙ্গে নিয়ে দুই মোটরসাইকেলে কাষ্টবাড়িয়া এলাকায় ফিরোজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বায়তুস-শরফ জামে মসজিদের সামনে পৌঁছালে ৩০-৪০ জন মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে মারপিট করে ৪ জনকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামপাল হাসপাতালে নেয়। এরপর হানিফ ও ফিরোজ ঢালীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফিরোজ ঢালী মারা যান। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন জানান, দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ ঢালী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।