রানের চূড়ায় অস্ট্রেলিয়া, বিপাকে ইংল্যান্ড

নব্বইয়ের খড়গে পড়ে ডেভিড ওয়ার্নার মিস করেছেন। নার্ভাস নাইনটির শিকার হয়েছেন স্টিভেন স্মিথও। তবে লাবুশেন ভুল করেননি। অ্যাডিলেডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটসম্যান। তার সেঞ্চুরি, লোয়ার অর্ডারে অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরি, স্টার্ক-মাইকেল নেসের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে রানের চূড়ায় উঠেছে অস্ট্রেলিয়া।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শুক্রবার ৯ উইকেটে ৪৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেই বিপদে ইংল্যান্ড। ২ উইকেটে ১৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। মালান ১, অধিনায়ক জো রুট ৫ রানে অপরাজিত আছেন। দলীয় ১২ রানের মধ্যে দুই ওপেনার হাসিব হামিদ (৬), ররি বার্নস (৪) আউট হয়ে গেছেন।

সকালে দ্রুতই সেঞ্চুরি তুলে নেন লাবুশেন। তবে সেঞ্চুরির পর ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ১০৩ রান করে আউট হন তিনি। পরে সতীর্থদের নিয়ে দলকে টেনে গেছেন অধিনায়ক স্মিথ। ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। স্মিথ ৯৩, ক্যারি ৫১, স্টার্ক অপরাজিত ৩৯, নেসের ৩৫ রান করেন। ইংল্যান্ডের বেন স্টোকস ৩টি, অ্যান্ডারসন ২টি, রুট, রবিনসন, ক্রিস ওকস ও ব্রড একটি করে উইকেট নেন।