যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান সর্দার রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের বকচর হুসতলা কবরস্থানের পশ্চিম পাশে বিষে মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন। নিহত রাকিব বকচর হুসতলা কবরস্থান এলাকার মৃত লিটু সর্দারের ছেলে।

মৃতের ছোটভাই রাজিব সর্দার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বিষে মোড়ে শহিদুলের চটপট্টির দোকানে চটপট্টি খেতে যায়। এ সময় অজ্ঞাতনা ১০-১২ জন তার ওপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জখম করে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান মৃত ষোষণা করেন। 

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছেন সবুজ নামে এক যুবক আব্দুর রহমান রাকিবকে ছুরিকাঘাত করেছে। কী কারণে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে জানতে পারিনি।

জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, লোকজন আব্দুর রহমান সর্দার রাকিবকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনেন। বহনকৃত লাশ ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, নিহতের দুই রানে, বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, খবর পেয়েছি ঘটনাস্থলে পৌঁছেছি। তদন্ত ও অভিযান চলছে।