লৌহজংয়ে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ময়না আক্তার ওরফে হিমু (১০) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ময়না স্হানীয় ১ নম্বর সরকারি কাহেতারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে কাহেতারা গ্রামের হানিফ বেপারীর মেয়ে। স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ময়নার বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরের পাড়ে সাদা বস্তা পড়ে ছিল। কুকুর বস্তাটি টানাটানি করছিল। সেখানে গিয়ে বস্তার মুখ খুলতেই ময়নার লাশ দেখা যায়। পরে স্হানীয়রা পুলিশে খবর দেয়। নিহত ময়নার বাবা হানিফ জানান, বুধবার দুপুর থেকে তার মেয়ে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে হদিস না মেলায় গ্রামের মসজিদ থেকে মাইকিং করা হয়। অবশেষে মেয়ের লাশ বস্তাবন্দি অবস্হায় পাওয়া যায়। তিনি তার মেয়ে হত্যার বিচার চান। 

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির গলায় চেপে ধরার দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা মরদেহ ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষে বলা যাবে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্হা নেওয়া হবে।