বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। নির্বাচনের পর উপজেলার প্রায় ১০টি গ্রামের তিন শতাধিক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন।
গত ২৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত ঐ হামলা ভাঙচুর ও লুটপাট চলছেই। শুক্রবার সকালে সরেজমিনে বাগআঁচড়া বাজার এলাকায় গিয়ে জানা গেছে, নৌকার প্রার্থী বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্হানে। একইভাবে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী পরিবার নিয়ে প্রাণভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে পুলিশ তত্পর রয়েছে। আমাদের ব্যাপক প্রস্ত্ততি আছে আইনশৃঙ্খলা পরিস্হিতি স্বভাবিক রাখার জন্য। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলেই পুলিশ ব্যবস্হা নিতে প্রস্ত্তত রয়েছে।