কালকিনিতে দুই পক্ষে সংঘর্ষে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিসহ প্রায় শতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজের বাম পা কেটে ফেলে আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেন। মামলায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করা হয়।

মামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাদীর চাচা তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেন আসামিরা।

এর জেরে শনিবার আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় উভয়পক্ষের লোকজন অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।