নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যালেট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আগে উনিশ-কুড়ি যাই হোক, এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। আপনারা আমাদের সহযোগিতা করবেন।
তিনি শনিবার (১৮ ডিসেম্বর) সকাল আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে আয়োজিত প্রতিদ্বন্ধি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম বার), ঢাকা আঞ্জলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রুপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমামন। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।
পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম বার) বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন আছে। কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে জেল-খানায় বসে নির্বাচন করতে হবে।