আশুগঞ্জের ৫ গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনে করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার আড়াইসিধা, মধুপুর, পাচভিটা ও বাজারচারতলা গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টেটা, বল্লম, এককাইট্টাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজাদ রহমান জানান, নির্বাচনি সহিংসতা রোধে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আড়াইসিধা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি বাড়ি থেকে টেটা, বল্লম, এককাইট্টা ও বাঁশের মুলি বল্লমসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনে কোনো প্রার্থীকেই পেশি শক্তি দেখাতে দেওয়া হবে না। সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থক কোনো ভোটারকে পেশি শক্তি কিংবা ভয়-ভীতি দেখায় তাহলে তাদের বিরুদ্ধে শক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার সকালে যাত্রাপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।