‘পাক-ভারত সম্পর্ক স্বাভাবিক হলে উপমহাদেশেরও কল্যাণ হবে’

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, উপমহাদেশের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের উচিৎ ১৯২ জন যুদ্ধাপরাধীর বিচার করা। আপনাদের দেশেই তাদের বিচার করেন। আপনাদের ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিৎ। পাক-ভারত সম্পর্ক স্বাভাবিক হলে উপমহাদেশের কল্যাণ হবে। বাংলাদেশেরও কল্যাণ হবে।  

শনিবার (১৮ ডিসেম্বর) বরিশাল শহরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল বিভাগীয় জাকের পার্টির ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

বরিশাল বিভাগীয় জাকের পার্টির সভাপতি মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার। 

মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। নৌকা এখন এগিয়ে যাচ্ছে। আমরা গোলাপ ফুল নিয়ে উপরে বসে আছি। তরী যেখানে ঠেকবে, সেখানেই গোলাপের বাগান তৈরি করা হবে। ওহাবীদের পক্ষ থেকে পীর তৈরি করে জাকের পার্টির বিকল্প বানানোর ষড়যন্ত্র হয়েছে। আবার অন্য পন্থীদের মধ্য থেকে পীর বানানোর অপচেষ্টা হয়েছে, জাকের পার্টির বিকল্প বানানোর জন্য। কিন্তু পারে নি। মনে রাখতে হবে, কোন দিনই জাকের পার্টির বিকল্প বানানো যাবে না। জাকের পার্টিকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ।