রাজধানীর খিলগাঁও বনশ্রী স্টাফ কোয়াটার রোডে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক স্বপন (৩০) ও ফাতেমা আক্তার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে অসীম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়।
তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালককে মৃত ঘোষণা করা হয়। এর কিছু সময় পরেই চিকিৎসাধীন মারা যান যাত্রী ফাতেমা।
বাকি ২ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেএইচ