ইসি গঠনে আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করছে: হানিফ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠন প্রণালীর জন্য যে আইনটা থাকা দরকার সেই আইনটা করা হয়নি এখনও। এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও কেউ করেনি। আমাদের সরকারের সময় আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি, খুব দ্রুতই নির্বাচন কমিশন আইন করা হবে।’

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনের জন্য বর্তমানে সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি আওয়ামী লীগ সরকার অনুসরণ করে আসছে বলেও দাবি করেন হানিফ। তিনি আরও বলেন, ‘বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের দাবিটা যৌক্তিক না। কারণ, বিএনপির নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বহুবার বলেছিলেন, দেশে পাগল ও শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই।’