সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতীয় আলোকচিত্র প্রদর্শনী 'আর্ট অফ লাইট' শুরু হয়েছে। সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের নতুন ভবনে বাছাইকৃত ৯৩টি আলোকচিত্র নিয়ে শুরু হয় এ প্রদর্শনী।
আর্ট অব লাইটের তৃতীয় আসর এটি।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় কেক কেটে ও ম্যাগজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। মারওয়া রহমান অন্বেষা ও মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. মোঃ তাওহীদ হাসান।
এসময় বিভিন্ন অনুষদের ডীন, উপদেষ্টামণ্ডলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠন ও সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজকবৃন্দ জানান, এবারের আলোকচিত্র প্রদর্শনীতে দুই ক্যাটাগরিতে (ডিএসএলআর ও মোবাইল) সারা দেশ থেকে মোট ২৭৮৩ টি ছবি জমা পড়ে। যার মধ্যে বিচারকদের মাধ্যমে ডিএসএলআর ক্যাটাগরিতে ১৯৬৭ ছবি থেকে বাছাইকৃত ৬৬টি এবং মোবাইল ক্যাটাগরিতে ৮৪৬ ছবি থেকে বাছাইকৃত ২৭টি সহ সর্বমোট ৯৩ টি ছবি প্রদর্শিত হচ্ছে।
এবার সেরা ছবির জন্য দেওয়া হবে সাতটি পুরষ্কার। বিচারক হিসাবে ছিলেন বরেণ্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, আবির আব্দুল্লাহ ও মোঃ আব্দুল মোনায়েম।