শিক্ষকদের পরিবেশনায় মুখর জবির মুক্তমঞ্চ

করোনাকালীন দুই বছরের নিষ্প্রাণ ক্যাম্পাস, এরপর টানা পরীক্ষা। তার মাঝে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে আয়োজিত পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছে উৎসবের মতো। তারই ধারাবাহিকতায় আজকের শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ নানান পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। এসময় বিশ্ববিদ্যালয় কাঁঠালতলা ও সমাজ বিজ্ঞান অনুষদে দর্শকদের উচ্ছ্বাস দেখা যায়। 

পাঁচদিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের ৪র্থ দিনে বিকেল চারটায় শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করে অনুষ্ঠান প্রাণবন্ত করে রাখেন। সর্বশেষ নাট্যকলা বিভাগের শিক্ষক রুবাইয়া জাবিন প্রিয়তা ও আফরিন হুদা তোড়ার নির্দেশনায় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় 'মুজিব কথন' নাটকের প্রদর্শনী হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, নীল দল, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাফিউল রকি বলেন, শ্রদ্ধেয় শিক্ষকদের পারফরম্যান্স ও বিভাগের নাটক সবমিলিয়ে পুরো আয়োজন বিগত দিনগুলোর মতই উপভোগ করেছি। এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত হলে আমাদের সংস্কৃতিচর্চার পরিধি বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কামালউদ্দীন আহমেদ বলেন, নাটক 'মুজিব কথন' অসাধারণ পরিবেশনা। আগামীতে আরো ভালো ভালো নাটক উপস্থাপন করা হলে শিক্ষার্থীদের চিন্তা বিস্তৃত হবে।
 
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমদিন দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে সমবেত সংগীত ও চলচ্চিত্র (মুক্তির গান) প্রদর্শন করা হয়। এছাড়াও চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ ডিসেম্বর শুরু হওয়া ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রদশর্নীটি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পাসের মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, উদীচী (জবি সংসদ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ) ও মুক্তমঞ্চ-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

১৮ ডিসেম্বর বিকাল ৩টায় মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলসমূহের উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। এরই  ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানাদির সমাপ্তি হবে।