বিজেএসসির নতুন সভাপতি হেদায়েত, সম্পাদক তাওসিফ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি) ২০২১-২০২২ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বিজেএসসির নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওসিফ আব্দুল্লাহ। 

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির ক্যাফেটেরিয়ায় সদ্য বিদায়ী সভাপতি জি এম হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেন। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। 

'একতাই বল, যোগাযোগই সম্বল' এই স্লোগানে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৫ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিজেএসসি। 

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালস এই দশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে। 

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চালু রয়েছে।