এনভয় গ্রুপের অ্যাপারেলস লি. নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের রপ্তানির জন্য চট্টগ্রাম পোর্টে পাঠানো পোশাকের ৩০-৩৫ শতাংশই চুরি হয়ে যেত। পথিমধ্যে কাভার্ড ভ্যান থেকে চুরি করা এসব পোশাক আফ্রিকা, নেপালে পাচারসহ বিক্রি করা হতো দেশীয় মার্কেটেও। এ চক্রের সঙ্গে কিছু গাড়িচালক, অসাধু বায়ার ও সিঅ্যান্ডএফের ব্যক্তি জড়িত।
সম্প্রতি চুরির বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে দায়েরকৃত একটি মামলার তদন্তে এমন তথ্য বেরিয়ে আসে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন মো.সবুজ (৩০), মো. মোতাহার হোসেন (৩৮), মো. হানিফ (৩৭), মো. নজরুল ইসলাম (২০) ও মো. আবুল কাশেম (২১)। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, সম্প্রতি তৈরি পোশাক রপ্তানির জন্য ঢাকা থেকে চট্টগ্রাম পাঠাচ্ছিল অ্যাপারেলস লি. নামে একটি প্রতিষ্ঠান। পথে কাভার্ডভ্যান থেকে তাদের ৫৩ হাজার পোশাক চুরি হয়ে যায়। প্রায় ৬০ লাখ টাকার পোশাক চুরির ঘটনায় ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। এই ঘটনায় ডিবির মতিঝিল বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
অনুসন্ধানকালে একটি সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পাওয়া যায়। যারা প্রতিদিন একাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী কাভার্ড ভ্যান থেকে পথিমধ্যে ড্রাইভার ও গাড়ির মালিকের যোগসাজসে কৌশলে কার্টন থেকে পণ্য চুরি করে। তিনি বলেন, রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কৌশলে কাভার্ড ভ্যানের কার্টন থেকে পণ্য চুরি করে পুনরায় কার্টনগুলো হুবহু আগের মতো করে গাড়ি ছেড়ে দেয়। পরবর্তীকালে গাড়ির চালক গাড়িটি নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। বিদেশি ক্রেতারা পণ্য কম পাওয়ায় দেশের উৎপাদিত গার্মেন্টসকে দায়ী করে।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে গার্মেন্টস খাত। রপ্তানি আয়ের মূল খাত এই গার্মেন্টস ব্যবসার ওপর দেশের প্রায় ২ কোটি লোকের জীবিকা নির্ভর করে। সাম্প্রতিক সময় রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরির ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বিদেশি ক্রেতা হারাতে হচ্ছে; যা এ খাতকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে।
এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, চক্রের সঙ্গে জড়িতদের বিষয়ে অধিকতর তথ্য জানতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।