যৌন নিপীড়নের অভিযোগ করেননি, সুর পাল্টালেন চীনের টেনিস তারকা

গত মাসে চীনের ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আত্মগোপনে চলে যান দেশটির টেনিস তারকা পেং শুয়াই। এরপর থেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে জাতিসংঘসহ টেনিস বিশ্ব। যদিও প্রায় তিন সপ্তাহ পর এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে জানান, তিনি নিরাপদেই আছেন। এবার চীনা টেনিস সুন্দরী জানিয়েছেন, তিনি না কি যৌন নিপীড়ন নিয়ে কোনো অভিযোগই তুলেননি।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক চীনা ভাষার একটি সংবাদমাধ্যমকে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন পেং শুয়াই। সেখানে তিনি দাবি করেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর জোর দিতে চাই এবং তা হলো আমি কখনোই মৌখিক বা লিখিতভাবে কারো বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলিনি। এ নিয়ে আমি খুবই পরিষ্কারভাবে বলছি।’

এর আগে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে পোস্ট দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন এই তারকা। যদিও পরবর্তীতে সেটি মুছে ফেলেন। তবে তার আগেই এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে এ সম্পর্কে জানতে চাওয়া হলে পেং শুয়াই বলেন, ‘সেটি ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে মানুষ অনেক ভুল বুঝেছে।’