মাহমুদউল্লাহর পরামর্শ নিয়ে দেশ ছাড়ছে যুবারা

রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব দুজনই সর্বশেষ যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য। যুব ক্রিকেটের সর্বোচ্চ অর্জনই তাদের দখলে রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এইচপি, প্রথম শ্রেণির ক্রিকেট, প্রিমিয়ার লিগে খেলেছেন তারা। এখন বিপিএলে নামার অপেক্ষায় ছিলেন।

কিন্তু তাদের ক্যারিয়ারকে পেছনে টেনে ধরলো বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ। বয়স থাকায় এবং অভিজ্ঞতার কারণে রাকিবুল-সাকিবকে আবারও যুব বিশ্বকাপে পাঠাচ্ছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্বও পড়েছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের কাঁধে।

যুব এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশ ছাড়বে যুব দল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে চড়বেন যুবা ক্রিকেটাররা। আরব আমিরাতে এশিয়া কাপ খেলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে রাকিবুল বাহিনী।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে ২৪ ডিসেম্বর নেপাল, ২৫ ডিসেম্বর কুয়েত ও ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগার যুবারা। শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনালের পর ৩১ ডিসেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের টোটকা সঙ্গী হচ্ছে যুব দলের ক্রিকেটারদের। মিরপুরে অনুশীলনের সময় রাকিবুলদের পরামর্শ দিয়েছেন মাহমুদউল্লাহ। আজ সোমবার বিসিবি একাডেমি ভবনের সামনে অফিসিয়াল ফটোসেশনের পর সংবাদ সম্মেলনে সিনিয়রদের পরামর্শ পাওয়ার বিষয়ে যুব দলের অধিনায়ক বলেছেন, ‘দুই একদিন রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) সঙ্গে নেটে দেখা হয়েছিল। ওনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কেমন হতে পারে সে ধারণাও দিলো।’

গত বছর আকবর আলির নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়েই এবার বিশ্বকাপের মঞ্চে লড়বে যুবারা। শিরোপা ধরে রাখার চাপকে পাশে রেখে সেরাটা খেলতে চান রাকিবুল।

সোমবার তিনি বলেছেন, ‘আমরা শুধু আমাদের খেলায় ফোকাস করতেছি। আমরা কীভাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে খেলবো, আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কীভাবে প্রয়োগ করবো আর সেরা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই করবো।’