জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

‘লেখনির মাধ্যমে মেহনতি মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন বদরুদ্দীন উমর’

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর নিজের লেখনির মাধ্যমে মেহনতি মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। 

তারা বলেন, মার্কসবাদের শিষ্য হয়ে তিনি যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তেমনি সংগঠন গঠনেও কাজ করেছেন। তিনি তার লেখনির মাধ্যমে এ দেশের মেহনতি মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি এ দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তারা এসব কথা বলেন।
 
‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমরের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ এর আয়োজন করে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, মার্কসবাদ, সমাজতন্ত্র ও কৃষক-মজুর-মধ্যবিত্তের মুক্তি পর্যায়ক্রমে কীভাবে হবে-এসব সবসময় কমরেড বদরুদ্দীন উমরকে আকৃষ্ট করেছে। এছাড়া লেলিনবাদ ও রুশ বিপ্লব এগুলোও তিনি মনোযোগ দিয়ে পড়েছেন। মার্কস এবং লেলিনের চিন্তা সমন্বয় করে তার চিন্তা গড়ে উঠেছে। 

বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান বলেন, কমরেড বদরুদ্দীন উমর শাসকশ্রেণির চরিত্র নিয়ে লিখেছেন। তিনি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেশের যারা লুণ্ঠন করে সম্পদশালী হয়েছেন, তিনি তাদের বিষয়ে লিখে যাচ্ছেন। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে বদরুদ্দীন উমরের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি মজিবুর রহমান বলেন, তার লেখায় তিনি সমাজকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি যেভাবে সহজ করে সমাজ নিয়ে লিখেছেন, তা আর কেউ পারেনি। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের জন্যে কর্মসূচিভিত্তিক ঐক্যের প্রয়োজন। তিনি এ ধরনের ঐক্যেরই ডাক দেন সবসময়।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ড. আবদুল হাকিম, জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদের সদস্য ভুলন ভৌমিক, লেখক সৈয়দ আবুল কালাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একাংশের সভাপতি মিতু সরকার, বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে, সকালে জন্মবার্ষিকী উপলক্ষে বদরুদ্দীন উমরের বই ও আলোচিত্র প্রদর্শন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্যবৃন্দ।