৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা অর্থমন্ত্রীর

বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে থাকায় চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হবে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।  

সোমবার (২০ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির (সিসিজিপি) সভাশেষে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগেই আমরা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছিলাম। আমি বিশ্বাস করি, এবার আমরা এটি অর্জন করতে সক্ষম হবো।

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল পূর্বাভাস দিয়েছে। এর আগে, গত অক্টোবরে সংস্থাটি জানায় এবার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। পূর্বের পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে বলে আইএমএফের গতকাল দেওয়া প্রক্ষেপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রবৃদ্ধি প্রক্ষেপনের বিষয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ সবসময় রক্ষণশীল থাকে।  তবে ভালো খবর হলো, তারা জিডিপি প্রবৃদ্ধির আগের পূর্বাভাসকে বাড়িয়ে ৬ দশমিক ৬ শতাংশ করেছে। এটি আমাকে বিশ্বাস করতে সাহায্য করেছে, আমরা এবছর ৭ দশমিক ২ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। ইনশাল্লাহ।

অর্থমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রায় সবক্ষেত্রেই বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করেছে। গত নভেম্বর মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩১ শতাংশের বেশি এবং জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয়ের ক্ষেত্রে ২৪ দশমিক ৩ শতাংশ হারে উচ্চ প্রবৃদ্ধি অর্জণ করা গেছে।

তিনি বলেন, যেভাবে রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে বছর শেষে ৪৭ থেকে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় হবে, যা বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক তৈরি করবে। কামাল বলেন, বর্তমানে রৈমিট্যান্স প্রবাহ কিছুটা কম হলেও বছর শেষে সেটা ২১ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। তবে তিনি মনে করেন, মুসলিমদের বড় উৎসব দুই ঈদে বেশি রেমিট্যান্স আসে, সেটাকে বিবেচনায় নিলে চলতি অর্থবছরে ২৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে। বাসস