রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ২০২১-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।
এদিন সকাল ১০টায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম হিসাব বিজ্ঞান ও তথ্যব্যবস্থা, মার্কেটিং, আইন, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, রসায়ন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১ম বর্ষের ক্লাস পরিদর্শন করেন।
এসময় সেখানে সংশ্লিষ্ট অনুষদের অধিকর্তা ও বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র অঙ্গনে জ্ঞানার্জনের পাশাপাশি মুক্তচিন্তা ও উদারনৈতিকতায় শিক্ষার্থীদের নিজেদের আলোকিত করতে হবে। নবীন এই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের নিবেদিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে।