বঙ্গবন্ধু কর্নার

১০ টাকায় বঙ্গবন্ধুর বই পাবে ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

মাত্র ১০ টাকায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যেকোনো বই কিনতে পারবে শিক্ষার্থীরা। বিজয়ের ৫০ বছর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল।

সোমবার রাজধানীর লালমাটিয়ার স্কুল ক্যাম্পাসে আয়োজিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্কুলটির পরিচালক আনোয়ার হোসেন রয়েল রানা।

তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ওয়েটন স্কুলই প্রথম বঙ্গবন্ধু কর্নার চালু করেছে। শিক্ষার্থীদের মাঝে জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ বলে জানান আনোয়ার হোসেন রয়েল রানা।

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম জামাল উদ্দিন বলেন, একটি ইংলিশ মিডিয়াম স্কুলের এমন ব্যতিক্রমী উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনেক আশার খবর। এ ধরনের কার্যক্রম দেশের প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলেই থাকা উচিত বলে মনে করেন মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ড. জামাল উদ্দিন।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ জামান, পরিচালক মুক্তার হোসেন, মো. হারুন অর রশিদ চৌধুরী, মনিরুজ্জান চৌধুরী, বেলায়েত হোসেনসহ অন্যরা। পরিচালকরা তাদের বক্তব্যে বলেন, জাতির পিতার শিশুদের প্রতি স্নেহবাৎসল্য সম্পর্কে তাদের জানাতে হবে। তিনি শিশুদের ভালোবাসতেন। তাইতো তিনি শিশু অধিকারের জন্য সব সময় সোচ্চার ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধিরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ওয়েটন স্কুলে তাদের সন্তানরা শিক্ষা-সাহিত্য-মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে পারবে, এতেই তাদের অনেক প্রাপ্তি।